২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেখার বিষয় বিএনপি কী করে’

নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণে ইতিবাচক মন্তব্য এসেছে সাধারণ মানুষের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 10:33 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

কেউ কেউ আস্থাহীনতার কথাও বলেছেন।

শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের সময় সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়ে বিরোধীদলের সদস্যদের নাম চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “আমরা সকল দলকে সঙ্গে নিয়েই জাতীয় সংসদ নির্বাচন করতে চাই।

সংবিধান অনুযায়ী নির্ধারিত ৯০ দিনের মধ্যে সুষ্ঠুভাবে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানে বিরোধীদের কাছে পরামর্শও চেয়েছেন শেখ হাসিনা।

এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে। কেউ কেউ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে টেলিফোন করেও প্রতিক্রিয়া দিয়েছেন।

কলাবাগান থেকে সাব্বির হায়দার প্রধানমন্ত্রীর ভাষণকে ইতিবাচক উল্লেখ করে বলেন, “পজিটিভ মুভ। ভালো উদ্যোগ। প্রধানমন্ত্রী সংঘাতের কথা বলেন নাই।”

উত্তরা থেকে গৃহিনী ফারজানা আক্তার সরকার প্রধানের বক্তব্যের সমালোচনা করে বলেন, “প্রধানমন্ত্রীর ভাষণ শুনে মনে হলো, তালগাছটা আমার।”

পেশায় চিকিৎসক কামরুজ্জামান তার প্রতিক্রিয়ায় বলেন, “খারাপ না। কিন্তু, মন্ত্রিসভা কতজনের হবে? অর্ধেক-অধের্ক? না কি আনুপাতিক হারে হবে?”

ব্যবসায়ী আনোয়ারুল আলীম নামে একজন প্রধানমন্ত্রীর বক্তব্যে বিরোধীদল সাড়া দেবে বলেই মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের যে কথা বলেছেন- সেখানে বিরোধীদলের তো না বলার কোনো জায়গা নেই।”

কুমিল্লা থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুর রউফ বলেন, “আমার মনে হয় প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর সংকট অনেকটাই কেটে গেছে। এখন দেখার বিষয় বিএনপি কী করে। তবে বিএনপি যাই করুক, সবার আগে জনগণের কথা বিবেচনা করতে হবে।”

নীলফামারী থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী টেলিফোন করে বলেন, “বঙ্গবন্ধু কন্যা আরো একবার প্রমাণ করলেন তিনি দেশের কতটুকু ভালো চান। তার কাছ থেকে এমনটিই আশা করছিলাম।”