গাইবান্ধা সরকারি কলেজে ভর্তি: ৫ শিক্ষক বরখাস্ত
গাইবান্ধা সরকারি কলেজে স্নাতকে (সম্মান) ছাত্র ভর্তিতে দুর্নীতির অভিযোগে পাঁচ শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত গত ৮ অক্টোবরের এক পত্রে এ আদেশ দেয়া হয় বলে এ কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মো. জাহেদুল ইসলাম জানান।
এ চিঠি তিনি গত শনিবার (১২ অক্টোবর) হাতে পেয়েছেন বলেও জানান।
বরখাস্ত শিক্ষকরা হলেন এস এম আশাদুল ইসলাম (বর্তমানে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অর্থনীতির সহযোগী অধ্যাপক), মো. আব্দুল রশিদ (বর্তমানে দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইংরেজির সহকারী অধ্যাপক), বৃন্দাবন সরকার (বর্তমানে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গণিতের প্রভাষক), মো. শহীদুল ইসলাম (বর্তমানে রংপুর সরকারি কলেজের বাংলার সহকারী অধ্যাপক) এবং মো. মোস্তাফিজুর রহমান (বর্তমান ঈশ্বরদী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক)।
অধ্যাপক জাহেদুল ইসলাম বলেন, ২০১০-২০১১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ৮৮ জন শিক্ষার্থীর ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়টি দুর্নীতি দমন কমিশনে যায়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে দুদক উপ-পরিচালক মলয় কুমার সাহা ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর তৎতাকালীন অধ্যক্ষ মো. রেজাউল করিমসহ সাত শিক্ষকের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করেন।
অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এ বছরের ২ জুন আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
