প্রস্তাবে বিস্তারিত কিছু নেই: শাহদীন মালিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রস্তাবে বিস্তারিত কিছু নেই বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ও আইনের শিক্ষক শাহদীন মালিক।
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় মন্ত্রিসভার বিষয়টি আরেকটু খোলাসা করে বললে ভালো হতো। বিরোধী দল থেকে কয়জন মন্ত্রী নেয়া হবে বা কোন দপ্তরে দেয়া হবে- এগুলো বিস্তারিত বললে ভালো হতো।”
প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, “আমরা সকল দলকে সঙ্গে নিয়েই জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। বিরোধীদলের কাছে আমার প্রস্তাব, নির্বাচনকালীন সময়ে আমরা সকল দলের সমন্বয়ে সরকার গঠন করতে পারি। আমাদের লক্ষ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচন।”
শাহদীন বলেন, “প্রধানমন্ত্রী প্রত্যাশিতভাবে তার সরকারের সাফল্যের কথা বলেছেন। এটা আমারা প্রত্যাশা করেছিলাম।”
