২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া পৌর কাউন্সিলরের ভাইকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া পৌরসভার এক কাউন্সিলরের ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার শ্বশুর বাড়ির লোকজন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 02:04 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

নিহত জহুরুল ইসলাম জয় (৪৪) পৌরসভার এক ১নং ওয়ার্ড কাউন্সিলর নাঈমুল ইসলামের ছোট ভাই। তারা শহরের কমলাপুর এলাকার মৃত শফি উদ্দিন শেখের ছেলে।

কাউন্সিলর নাইমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে জহুরুল ইসলাম জয় মিরপুর উপজেলার চারমাইল তাঁতীবন্ধ গ্রামে তার শ্বশুর বাড়ি যান। রাত ১১টার দিকে পূর্ব বিরোধের জের ধরে তার স্ত্রীর বড় ভাই শহিদুল ও তার ছেলে শ্বশুর বাড়ির উঠানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে জহুরুলকে। আশংকাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিরপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় শহিদুল ও তার ছেলের নাম উল্লেখ করে একটি কাউন্সিলর থানায় একটি এজাহার করেছেন। 

তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি বলে জানান ওসি।