পুরান ঢাকায় প্লাস্টিক গুদাম পুড়ল
পুরান ঢাকার ইসলামবাগের বাগানবাড়ি এলাকায় আগুন লেগে প্লাস্টিক সামগ্রীর চারটি গুদাম পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইসয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নি নির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
ফায়ার ব্রিগেডের উপ পরিচালক (অপরাশেনস) ভরত চন্দ্র বিশ্বাস বলেন, আগুনে চারটি গুদাম পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি টিনশেড গুদামে ৫০-৬০ হাজার টাকার মালামাল ছিল বলে মালিকরা দাবি করেছেন।
আবুল হোসেন নামে এক ব্যক্তির মালিকানাধীন গুদামের কর্মচারী শুক্কুর আলী জানান, তাদের গুদামে খেলনাসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী মজুদ করা ছিল।
আরেক গুদামের মালিক আলী আকবর বলেন, গুদামের পেছনে নদীর ধারে ময়লার স্তূপে আগুন দেয়া হয়েছিল। এলাকাভিত্তিক দখলদারীকে কেন্দ্র করে সেখান থেকে কেউ গুদামে আগুন দিয়ে থাকতে পারে।
