খাগড়াছড়িতে পুলিশ ফাঁড়ি থেকে আসামি ছিনতাই
খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ায় পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ‘অস্ত্রসহ আটক’ এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে এলাকাবাসী।
মঙ্গলবার বিকালে এ ঘটনায় পুলিশসহ ১২জন আহত হয়েছেন।
পুলিশ বলছে, পানছড়ি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারী সার্জন অরুণ বিকাশ চাকমাকে (৪৫) সোমবার গভীর রাতে ম্রাসানাই কার্বারীপাড়ার বাড়ি থেকে 'অস্ত্রসহ আটক' করে সেনা সদস্যরা।
মঙ্গলবার বিকালে একদল নারীর নেতৃত্বে এলাকাবাসী ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে চড়াও হয়ে অরুণকে ছিনিয়ে নিয়ে যায়।
অরুণ চাকমার স্ত্রী উক্রাসং মারমা ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য।
পরে বিকাল ৫টার পর পানছড়ি-খাগড়াছড়ি সড়কের অবরোধ তুলে নেয়া হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সহস্রাধিক নারী-পুরুষ ফাঁড়িতে ঢুকে আটক ব্যক্তিকে নিয়ে যায়। ফাঁড়িতে পর্যাপ্ত নারী পুলিশ না থাকায় তাদের প্রতিরোধ করা সম্ভব হয়নি।”
জেলার পুলিশ সুপার শেখ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অস্ত্র আইন, সরকারি কাজে বাধা এবং হামলার অভিযোগে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও অরুণ বিকাশ চাকমার স্ত্রী উক্রাসং মারমার অভিযোগ, আইন শৃংখলাবাহিনীর সদস্যরা সোমবার গভীর রাতে তল্লাশীর নামে তাদের বাসায় ঢুকে তার স্বামীকে নিয়ে যায় এবং তাকেও বেদম মারধর করে।
ওসি জানান, এলাকাবাসী অবরোধ তুলে নিযে চলে যাওয়ার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভাইবোনছড়া ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন।
