২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় হাই কমিশনে আগুন

গুলশানে ভারতীয় হাই কমিশন কার্যালয়ের দুটি কক্ষে আগুন লেগে আসবাবপত্র ও কম্পিউটার পুড়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 07:21 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল ৫টা ৩৫ এ হাইকমিশন ভবনের পঞ্চম তলায় পাশাপাশি দুটি কক্ষে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিনির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

লুৎফুল কবির বলেন, “অগ্নিকাণ্ডের সময় ওই দুটি কক্ষে কেউ ছিলেন না। ফল কেউ আহত হননি। অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।”

এই পুলিশ কর্মকর্তা বলেন, আগুনে ঘরের আসবাবপত্র, কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও কাগজপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে ফায়ার ব্রিগেড কর্মকর্তা নাজমা আক্তার বলছেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত না করে বলা সম্ভব নয়।