২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ইউপি সদস্যকে কুপিয়েছে সন্ত্রাসীরা

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের নূর মসজিদ মোড় এলাকায় ফকির আবু তাহেরের(৩৫) এই হামলা হয়।

বাগেরহাট মডেল থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার ও চিংড়ি ঘের নিয়ে খোকন নামের স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তাহেরের বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তাহেরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপ রয়েছে উল্লেখ করে তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় ওই ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা তাহেরকে বাগেরহাট সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে ইউনিয়ন পরিষদে ভিজিএফ-এর চাল বিতরণ করে তাহেরকে নিয়ে মটরসাইকেলে বাগেরহাট শহরের উদ্দেশ্যে রওনা হই।

“বৃষ্টি শুরু হলে আমরা দুজন পথে নূর সমজিদ মোড়ের একটি মুদি দোকানে আশ্রয় নেই।

কিছুক্ষণ পর বৃষ্টির মধ্যে ওই দোকানে এসে তাহেরের পূর্ব পরিচিত খোকন নামের এক যুবকের নের্তৃত্বে ৮-১০জন দা ও কুড়াল দিয়ে তাহেরকে এলোপাথাড়ি কোপায়।

“ঠেকাতে গেলে তারা আমার উপরও চড়াও হয় তারা। তখন আমি দোকান থেকে বেরিয়ে দৌড়ে নিজেকে রক্ষা করি।”

হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানায় পুলিশ।

অভিযুক্ত খোকনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।