নড়াইলে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
নড়াইলের সদর উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১১ টার দিকে নড়াইল-মাগুরা সড়কের ঘোড়াখালী ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ইমাম হাসানের ছেলে তানভির হোসেন (১৯) ও একই গ্রামের দুলাল চন্দ্র শীলের ছেলে বাহাদুর চন্দ্র শীল (২০)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াখালী ব্রিজের কাছ থেকে তানভির ও বাহাদুরকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি দা, ও একটি ক্ষুর উদ্ধার করা হয়।
ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
