২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভারে ‘ঈদ ডাকাতি’

সদ্য চালু হওয়া যাত্রাবাড়ী-গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভারে টোলের হারে অসন্তোষ জানিয়ে তা কমানোর দাবি জানিয়েছেন বামপন্থী সাবেক ছাত্রনেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 11:50 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

সোমবার তাদের এক বিবৃতিতে তারা টোলের হারকে অস্বাভাবিক, অনৈতিক ও অনুমোদনহীন বলে একে ‘ঈদ ডাকাতি’ বলে আখ্যায়িত করেন।

গত শুক্রবার দেশের দীর্ঘতম এই ফ্লাইওভার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা রাজধানীবাসীর জন্য সরকারের ‘ঈদ উপহার’।

উদ্বোধনের পরদিন টোলের হার নিয়ে আদায়কারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের কর্মীদের সঙ্গে গাড়িচালকদের মারামারি বাঁধে। পরিবহন শ্রমিকরা অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ সোমবার সায়েদাবাদ পরিদর্শনে যাওয়া যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকেও জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা বলেন, গুলিস্থান ফ্লাইওভারের প্রতি কিলোমিটারের ২৪১ কোটি টাকা নির্মাণ ব্যয় গ্রহণযোগ্য নয়।

“এ বছর জুনে উদ্বোধন হওয়া মুম্বাইয়ে একটি ১৬ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারে প্রতি কিলোমিটারে নির্মাণ খরচ ৮৮ কোটি ২১ লাখ টাকা। কলকাতায় পরমা ফ্লাইওভারে নির্মাণ খরচ ৪৮ কোটি ১৫ লাখ টাকা, মালয়ে।”

ফ্লাইওভারের ওপর টোল ধার্য করাকে ‘দ্বৈত করারোপ’ আখ্যায়িত করে অবিলম্বে তা বাতিলের দাবিও জানিয়েছেন তারা।

বিবৃতিদাতারা হলেন- ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স,আসলাম খান, হাসান হাফিজুর রহমান সোহেল, কাফি রতন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি রাগীব আহসান মুন্না, সাদাকাত হোসেন বাবুল, ছাত্র ঐক্য ফোরামের সাবেক সভাপতি মোশরেফা মিশু,ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, যুব আন্দোলনের সভাপতি মোশাহিদ আহমেদ।

পুরনো খবর:

হানিফ ফ্লাইওভারে টোল নিয়ে গণ্ডগোল