২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগকর্মীকে কুপিয়ে আহত

সিলেটের মদন মোহন কলেজ ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দৃর্বৃত্তরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 04:44 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার রাতে নগরীর কাজলশাহ এলাকায় এ হামলায় আহত রাসেল আহমদ ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এই হামলার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ আয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  রাত সাড়ে ১০ টার দিকে মেডিনোভা ডায়গনস্টিক সেন্টারের সামনে আড্ডারত রাসেলেল ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

“তিনটি মোটর সাইকেলে ৬-৭ জন সশস্ত্র মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা রাসেলকে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে যায়।”

স্থানীয়রা রাসেলকে  উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মোহাম্মদ আয়ুব বলেন, রাসেলের অবস্থা সঙ্কটাপন্ন। রাতে তার শরীরে কয়েকদফা অস্ত্রোপচার করা হয়েছে। তাকে ১০ ব্যাগ রক্তও দেয়া হয়েছে।

রাসেল কলেজ ছাত্রলীগের বিধান পক্ষের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।

মদন মোহন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ সাগর বলেন, “ঘটনাটি শিবিরকর্মীরাই ঘটিয়েছে।”

“সম্প্রতি শিবির ক্যাডাররা বেপরোয়া হয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। গত বুধবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ-সভাপতি অঞ্জন রায়কে কুপিয়ে আহত করে তারা।”