ডাকাত সন্দেহে পিটুনিতে নিহত ২
নোয়াখালী সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনীতে দুই যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে বিনোদপুর ইউনিয়নে এ ঘটনায় সোহেল (২০) নামে আরেক যুবককে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেল সদর উপজেলার কলাদরাপ ইউনিয়নের নুরুল আলমের ছেলে।
তবে পুলিশ নিহতদের পরিচয় জানাতে পারেনি।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, বিনোদপুরের দত্তেরহাট-বাঁধেরহাট সড়কে জাজাল মিয়ার গোডাউনের সামনে ভোর ৪টার দিকে অচেনা তিন যুকককে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরিচয় জানতে চাইলে তারা পালানোর চেষ্টা করে।
এ সময় লোকজন তাদের আটক করে তাদের দেয়া তথ্য অনুযায়ী লুকিয়ে রাখা দুটি ধারালো অস্ত্র উদ্ধার করে। এক পর্যায়ে গণপিটুনীতে আটক দুই যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ এবং আহত সোহেলকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেলে নিয়ে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি জানান।
