বরিশালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
বরিশালের উজিরপুর উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার হারতা বন্দরে এ ঘটনায় উভয় গ্রামের অন্তত ২০ জন আহত এবং যানবাহন ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা ভাংচুর চালানো হয়েছে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন হাতরা ইউনিয়ন পরিষদের সদস্য নিখিল চক্রবর্তী, স্থানীয় ব্যবসায়ী সুরেশ হালদার, গীতা রানি, ধীরেন মন্ডল ও তরিকুল।
উজিরপুর মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হারতা ইউপির বাসিন্দা ফরিদের সাথে ওটরা ইউপির আইয়ুব আলীর তর্ক বাধে।
এক পর্যায় তা হাতিহাতি হয়। এর জেরে ওটরা ইউপির হাবিবপুর এলাকার বাসিন্দারা হাতরা বাজারে হামলা চালালে সংঘর্ষের রূপ নেয়।
এ সময় বন্দরের কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালায় ওটরার বাসিন্দারা। ভাংচুর করা হয় যানবাহন।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
