কর্ণফুলীতে ট্রলারডুবি, ১ জনের লাশ উদ্ধার
চট্টগ্রামে কর্ণফুলীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ তিন জনের মধ্যে এক জনের লাশ উদ্ধার হয়েছে।
শুক্রবার দুপুরে নদীর চাক্তাই খালের অদূরে তোতার বাপের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে মো. হোসেন নামে এক জনের লাশ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন ইউনুস ও বাবুল নামে দুই মাঝি।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) উত্তম চন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে তোতার বাপের হাট এলাকায় একটি তেলবাহী ট্যাংকার একটি কাঠের তৈরি মাছ ধরার ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে ট্রলারের তিন মাঝি নিখোঁজ হন।
রাত সাড়ে ৮টার দিকে ট্রলারটি থেকে মো. হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
তেলবাহী ট্যাংকারটি আটক করা হয়েছে।
এর আগে গত ১৪ অগাস্ট একটি মাছ ধরার ট্রলার ইঞ্জিনচালিত একটি যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দিলে বাবা ও তার দুই সন্তানসহ তিনজন নিহত হয়।
