এ সংসদেই পার্বত্য-ভূমি বিল পাশের দাবি
পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিরসনে চলতি সংসদ অধিবেশনে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন- ২০১৩’ বিলটি পাশের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
শুক্রবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমার সাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
পাহাড়িদের প্রথাগত জমির মালিকানা ভিন্ন হওয়ায় দীর্ঘ দিন থেকে এ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এই সমস্যা সমাধানে আনা বিলটি এ বছরের ২৭ মে মন্ত্রীসভায় উত্থাপন হয় এবং ৩ জুন তা অনুমোদন পায়। ১৬ জুন জাতীয় সংসদ মতামতের জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে সেটি পাঠায়। বর্তমানে সংসদের বিলটি পাশের অপেক্ষায় রয়েছে।
‘রহস্যজনক কারণে’ বিলটি ঝুলিয়ে রাখা হয়েছে অভিযোগ এনে জনসংহতি সমিতি বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেছে, এতে ভূমিকে কেন্দ্র করে সংঘাত ও সমস্যা আরো বাড়বে এবং পার্বত্য চট্টগ্রামবাসী সরকারের উপর আস্থা হারাবে।
