বাস চাপায় শিশু নিহত, সিরাজগঞ্জে অবরোধ
রাস্তা পার হতে গিয়ে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে রায়গঞ্জ উপজেলার ঘুড়কায় এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই মহাসড়ক অবরোধ করে রাখায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
নিহত আট বছর বয়সী বিশ্বনাথ ঘুড়কা বেলতলা এলাকার জীতেন্দ্রনাথের ছেলে।
ঘটনাস্থল থেকে বিকেল সাড়ে ৩টার দিকে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক দুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলছে।
“বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।”
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে শিশুটি তার বাড়ির পাশে মহাসড়ক পার হওয়ার সময় বগুড়া থেকে ঢাকাগামী আলহামরা বাসটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এরপর বিক্ষুব্ধরা ওই স্থানে ব্যারিকেড দিয়ে মহাসড়ক অবরোধ করে।
এলাকাবাসী অভিযুক্ত চালকের শাস্তির দাবি জানায়।
হাটিকুমরুল হাইওয়ে ও রায়গঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
