ধর্ষিতের পরীক্ষায় নীতিমালা তৈরির নির্দেশ
ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার নারীদের পরীক্ষা ও চিকিৎসায় নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই নির্দেশ দেয়।
পুলিশ, চিকিৎসক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকদের জন্য ওই সমন্বিত নীতিমালা প্রণয়নে ফৌজদারি বিচার, ফরেনসিক সাইন্স, জনস্বার্থ ও নারী অধিকার বিশেষজ্ঞদের কমিটিতে রাখতে বলা হয়েছে।
এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে তিন মাসের মধ্যে হাই কোর্টে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।
একইসঙ্গে ধর্ষিণের অভিযোগকারী নারীর ‘দ্বি-অঙ্গুলি বিশিষ্ট’ পরীক্ষা কেন অকার্যকর ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
নারী ও মেয়েদের প্রতি বৈষম্য ও নিপীড়নমূলক ‘দ্বি-অঙ্গুলি বিশিষ্ট’ পরীক্ষা নিষিদ্ধে বিবাদীদের ব্যর্থতাকে কেন সংবিধানে ঘোষিত মৌলিক অধিকারের লঙ্ঘন ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত।
ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার আকমল হোসেন, অ্যাডভোকেট অবন্তী নুরুল ও মেহজাবিন রাব্বানী আবেদনকারী পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
ব্যারিস্টার সারা হোসেন আদালতকে বলেন, “তথাকথিত ‘দ্বি-অঙ্গুলি বিশিষ্ট’ পরীক্ষার প্রামাণিক মূল্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটা নারীর জন্য অবমাননাকর, যা নারীদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে। অবমাননাকর হওয়ায় অনেক নারী এ পরীক্ষা গ্রহণে অস্বীকার করেছেন। যার ফলে ন্যায়বিচার বিঘ্নিত হচ্ছে।”
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন, নারীপক্ষ নামে ছয়টি সংগঠন এবং রুচিরা তাবাচ্ছুম নাভেদ ও মোবারক হোসেন খান গত ৮ অক্টোবর এই রিট আবেদনটি করেন।
