২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের মামলায় দেরি, দুই ওসিকে হাই কোর্টে তলব

একটি গণধর্ষণের ঘটনার পর পদক্ষেপ গ্রহণে পুলিশের ভূমিকা ব্যাখ্যা করতে মৌলভীবাজার জেলার দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

ন্যায় বিচার চেয়ে করা একটি আবেদনের শুনানি করে সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এই আদেশ দেয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে তাদেরকে ভূমিকা ব্যাখ্যা করতে হবে।

আদালত একইসঙ্গে ওই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ‘গার্ল গ্যাং-রেইপড অ্যাট টি গার্ডেন ইন মৌলভীবাজার’ শিরোনামে একটি প্রতিবেদন যুক্ত করে গত রোববার হাই কোর্টে আবেদনটি করা হয়। ওইদিনই প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ১২ বছর বয়সী এক খণ্ডকালীন চা শ্রমিক গত শনিবার বিকালে নিখোঁজ হয়।পরে শনিবার বিকালে তাকে অচেতন অবস্থায় বাগান এলাকায় পাওয়া যায়। শ্রমিকের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, দুষ্কৃতকারীরা তাকে জোরপূর্বক বাগানে নিয়ে রাতব্যাপী ধর্ষণ করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে যায়।

পরে অমিত তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার আবেদনটি দায়েরের পর আদালত আমাকে খোঁজ নিতে বলে। ওই সময় পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। মামলা এরপর হয়েছে। আদালতের বক্তব্য হচ্ছে, মামলা এত পরে কেন হবে? ধর্ষণের মামলা তাত্ক্ষণিক না হলে অনেক আলামত নষ্ট হয়ে যায়।”