২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধিত নতুল দল ‘মুক্তিজোট’

দশম সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 08:09 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ও নিবন্ধন বাছাই কমিটির সদস্য সচিব মেছবাহ উদ্দিন আহমদের কাছ থেকে দলের বোর্ড প্রধান আবু লায়েস মুন্না নিবন্ধন সনদ নেন।

এ বছর নিবন্ধনে আগ্রহী ৪৩টি দল আবেদন করেছিল। অযোগ্য দলগুলোকে ইতোমধ্যে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে ইসি।

এদের মধ্যে প্রথম দল হিসেবে মুক্তিজোট নিবন্ধন পেল।

পরে দলের পরিচালনা বোর্ড প্রধান আবু লায়েস মুন্না সাংবাদিকদের জানান, আসন্ন নির্বাচনে কীভাবে ও কটি আসনে নির্বাচন করবো এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

বর্তমান ইসির প্রশংসা করে তিনি বলেন, “অবাধ সুষ্ঠু করার জন্য স্বরাষ্ট্র ও সংস্থাপন মন্ত্রণালয়কে ইসির অধিনে না রাখলে নির্বাচন নিয়ে মানুষের মাঝে সন্দেহ থেকেই যাবে।”

বিএনএফের তদন্ত প্রতিবেদন ইসিতে

এদিকে বিএনপি আপত্তি তুললেও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে।

নির্বাচন কমিশনের নিবন্ধন বাছাই কমিটির এক সদস্য জানান, কয়েকটি উপজেলা পর্যায়ের দলের ‘কার্যকর দপ্তর’ নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন ইসি সচিবালয়ে পৌঁছেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বর্তমানে বিএনএফের সব মিলিয়ে ২৭টি জেলা ও ১০৮টি উপজেলা কমিটির পূর্ণাঙ্গ তথ্য পেয়েছে।

শর্ত অনুযায়ী, নিবন্ধন পেতে হলে দেশের এক তৃতীয়াংশ জেলা ও ১০০ উপজেলায় দপ্তর ও কমিটি থাকতে হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, “বিএনএফের প্রতিবেদন কমিশন সভায় উপস্থাপন হলে সবকিছু পর্যালোচনা নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

২০০৮ সালে নবম সংসদের আগে থেকে নির্বাচনে অংশ নিতে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। বর্তমানে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে। এরমধ্যে জামায়াতের নিবন্ধন আদালতে অবৈধ ঘোষিত হয়।