কিশোরী ধর্ষিত: সেই থানার ওসি বদলি
হেফাজতে থাকা অবস্থায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ওসিকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সুপার মো. সাজিদ হোসেন ওসি শেখ মো. দেলোয়ার হোসেনকে বদলির আদেশের বিষয়টি স্বীকার করেন।
ওই থানায় গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পথহারা এক কিশোরীকে আটকে রেখে পাঁচ পুলিশ সদস্য ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন, বিক্ষোভ করে আসছে।
১০ অক্টোবর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বদলির আদেশ দেয়া হয়।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের অদূরে মাস্তা এলাকায় ওই কিশোরিকে কান্নাকাটি করতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
ওই রাতেই পুলিশ কিশোরীটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ৩০ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের নির্দেশের মাধ্যমে কারাগারে নিরাপত্তা হেফাজতে পাঠায়।
সেখানে অসুস্থ হয়ে পড়লে কারাগারের কর্তৃপক্ষের কাছে কিশোরীটি তাকে ধর্ষণের ঘটনা জানায়।
