২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা ছেড়ে দোকানে ট্রাক, নিহত ৩

নাটোরে মহিষবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানের ভিতরে ঢুকে একজনকে চাপা দিয়েছে। এ ঘটনায় মোট তিন জন নিহত হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 11:13 AM

Updated : 23 Aug 2022, 07:04 PM

নিহতদের মধ্যে দুজন ট্রাকের যাত্রী। অন্যজন স্থানীয় নৈশপ্রহরী।   

নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে নাটোর-রাজশাহী সড়কের একডালা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একডালা গ্রামের নৈশপ্রহরী মোক্তার হোসেন (৩২), গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা ইসমাইল হোসেন (৩০) ও দুলাল (৪০)।

ইসমাইল ও দুলাল মহিষ ব্যবসায়ী। রাজশাহী থেকে মহিষ নিয়ে গাজীপুর আসছিলেন তারা।

ওসি আসলাম বলেন, ভোর ৩টার দিকে মহিষবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকের মধ্যে থাকা দুই ব্যবসায়ীর মৃত্যু হয়।

এ সময় ওই দোকানের বারান্দায় ঘুমিয়ে ছিলেন নৈশপ্রহরী মোক্তার। ট্রাক চাপায় তিনি গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় ট্রাকের দুটি মহিষও আহত হয়। একটি মহিষের খোঁজ মিলছে না।

ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।  

এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।