গাজীপুরে আগুনে নিহতের পরিবারকে সহায়তা, তদন্তে কমিটি
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাতজনের পরিবারকে জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। মালিকপক্ষ থেকেও সহায়তা দেয়ার কথা জানানো হয়।
এদিকে এ ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
বুধবার বিকালে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. সাজিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের স্বজনদের প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুর জানান, নিহতদের লাশ তাদের গ্রামের বাড়ি পৌঁছে দেয়া ও দাফন কাজ সম্পন্নের জন্য মালিকপক্ষ প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেবে।
এছাড়া পরবর্তীতে ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেয়ারও আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
তবে, কবে নাগাদ এ সহায়তা দেয়া হবে তা জানাতে পারেননি তিনি।
মঙ্গলবার বিকালে শ্রীপুরের বেরাইদেরচালা এলাকায় পলমল গ্রুপের ‘আসওয়াদ নিটিং অ্যান্ড ডায়িং কারখানায়’ এ অগ্নিকাণ্ডে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান জানান, অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়, এজন্য দায়ীদের চিহ্নিত করা, ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ প্রভৃতি বিষয়ে সুপারিশ দেয়ার জন্য জেলা প্রশাসন একটি কমিটি করেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসিনকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট কমিটিকে আগামী সাত দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ফরিদ উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন ঢাকার সহকারী পরিচালক ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক।
