৫ হাজার সহকারী গ্রন্থাগারিক পাচ্ছেন এমপিও
শর্ত সাপেক্ষে এমপিও পাচ্ছেন স্বীকৃতিবিহীন প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমাধারী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার সহকারী গ্রন্থাগারিক।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নিয়োগপ্রাপ্ত সহকারী গ্রন্থাগারিকদের মধ্যে যাদের গ্রন্থাগারবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমার সনদ আছে, তবে প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত নয়, তাদের শর্তসাপেক্ষে এমপিওভুক্ত করা হবে।
এদেরকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জনে তিন বছরের সময় দেয়া হবে জানিয়ে ফাহিমা বলেন, এই সময়েরে মধ্যে ডিগ্রি নিতে ব্যর্থ হলে তাদের এমপিও বাতিল করা হবে।
“স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সনদ অর্জনের আগ পর্যন্ত সহকারী গ্রন্থাগারিকদের একধাপ নিচের স্কেলে বেতন দেয়া হবে। ভুয়া সনদধারীদের কোনোভাবেই এমপিওভুক্ত করা হবে না।”
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সংশ্লিষ্টদের কয়েক দফা বৈঠকের পর শর্ত সাপেক্ষে এমপিও দেয়ার এই সিদ্ধান্ত হয় বলে জানান ফাহিমা।
এ সংক্রান্ত রেজুলেশনের কপি মাউশিতে আসার পরেও সহকারী গ্রন্থাগারিকদের এমপিও দেয়ার বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
এমপিও দাবিতে সহকারী গ্রন্থাগারিকরা গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি কর্তৃপক্ষ এনিয়ে দফায় দফায় বৈঠক করে।
অ্যাটর্নি জেনারেলকেও একটি বৈঠকে রাখা হয়। কয়েক দফা বৈঠকের পরে সরকারের শেষ সময়ে এসে সহকারী গ্রন্থাগারিকদের শর্ত সাপেক্ষে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের অবৈধ শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সনদ নিয়ে কয়েক হাজার সহকারী গ্রন্থাগারিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাল সনদ সংগ্রহ করেও চাকরি নিয়েছেন।
এদের এমপিওভুক্তির আবেদনের সময় দেখা যায় বেশির ভাগের সনদ স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠানের নয়। তাই এদের এমপিওভুক্তি দিচ্ছিল না সরকার।
