রগ কাটার ঘটনায় ৪ শিবিরকর্মী গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামকে কোপানো ও হাত-পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মতিহার থানার ওসি আব্দুস সোবহান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ধারালো অস্ত্রসহ চার শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিকে সাদ্দামকে বেলা ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আজিজুল হক।
তিনি বলেন, সাদ্দামকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছিল। কিছুটা উন্নতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর ছাড়পত্র দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাছে ধরমপুর মোড় এলকায় সাদ্দামকে কুপিয়ে জখম করে তার হাত পায়ের রগ কেটে দেয়া হয়। এতে তার ফুসফুসও কেটে যায়।
একই সময় গুলিবিদ্ধ হন ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানী তুফান।
