কারখানায় আবার পুড়ে অঙ্গার হল শ্রমিকরা
তাজরীনে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির পর বছর না গড়াতেই গাজীপুরে একটি পোশাক কারখানায় আগুনে পুড়ে মারা গেছেন অন্তত সাতজন।
শ্রীপুর উপজেলায় বেরাইদেরচালা এলাকায় পলমল গ্রুপের আসওয়াদ নিটিং অ্যান্ড ডায়িং কারখানায় মঙ্গলবার বিকালে আগুন লাগে।
গাজীপুর, টঙ্গী এবং ময়মনসিংহের ভালুকার ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর লাশ উদ্ধার শুরু হয়।
তবে আগুন পুরোপুরি নিভতে বুধবার ভোর হয়ে যায় বলে অগ্নিনির্বাপক কর্মীরা জানান।
এ ঘটনায় সকাল পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কারখানার উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. রাশেদুজ্জামান মণ্ডল এবং তার ভাগ্নে, ওই কারখানার ফিটারম্যান নাঈমুর রহমান রয়েছেন। তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুরের শঠিবাড়ির ধলারপাড়া গ্রামে।
নিহত অন্যরা হলেন- খলিলুর রহমান (২৬), রুবেল মিঞ্চা (২৩), মিনহাজুল হক (২৩), রাজু মিয়া (২১) ও বুলবুল ইসলাম (২৯)। এরা সবাই পোশাককর্মী (অপারেটর)।
রুবেলের বাড়ি রংপুরের মিঠাপুকুরের শঠিবাড়ির ধলারপাড়ায়। বুলবুল দিনাজপুরের পার্বতিপুরের পাজনগর গ্রামের এবং মিনহাজুল একই জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম দরবিপুর গ্রামের বাসিন্দা। আর রাজুর বাড়ি কুড়িগ্রামের রাজিবপুরের ভোলামারিতে।
রাত আড়াইটার দিকে কারখানার দ্বিতীয় তলা থেকে রাশেদুজ্জামান ও নাঈমুরের লাশ উদ্ধার করা হয়। এর পরপরই তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
অন্য পাঁচজনের লাশ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান বলেন, কারখানার ভেতরে ভস্মিভূত ফেব্রিকস সরানোর পর আরো লাশ আছে কি না- সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন রাতে নয় জনের মৃত্যুর খবর দিলেও সকালে প্রশাসনের পক্ষ থেকে সাতটি লাশ উদ্ধারের কথা জানানো হয়।
শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন রাত থেকেই উদ্ধার কার্যক্রম তদারকি করেন। দুই অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান ও শেবাশ্চিম রেমাও ঘটনাস্থলে যান।
কারখানার ডায়িং সেকশন-১-এর সিনিয়র অপারেটর মো. খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে কারখানার নিচতলায় আগুন ধরে যায়। পরে তা পুরো দুই তলা ভবনেই ছড়িয়ে যায়।
আসওয়াদ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার পরিচালক এমদাদ হক রাতে জ্বলন্ত কারখানার সামনেই ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে নিহত প্রতি শ্রমিকের পরিবারকে ৩০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন। সেই সঙ্গে লাশ দাফনের খরচ দেবেন বলেও জানান।
কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানার ডাইং ফিনিশিং ইউনিট ২- এর কোয়ালিটি ইন্সপেক্টর মো. শাহীন আলম বলেন, গত ৭ অক্টোবর শুধু শ্রমিকদের বেতন দেয়া হলেও তাদের বোনাস দেয়া হয়নি। আগামী ১০ অক্টোবর শ্রমিকদের ঈদ বোনাস ও কারখানার স্টাফদের বেতন দেয়ার কথা ছিল।
কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
পুড়ছে গাজীপুরের পলমল গ্রুপের আসওয়াদ নিটিং অ্যান্ড ডায়িং কারখানা।
এদিকে অগ্নিকাণ্ড তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক দিলরুবা খানকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি করেছে জেলা প্রশাসন। সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত বছরের নভেম্বরে আশুলিয়া তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক মারা যান।
এরপর গত এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাক শ্রমিক মারা যাওয়ার পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রম পরিবেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়।
এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র সে দেশের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক পণ্যের বিশেষ সুবিধা (জিএসপি) বাতিল করে।
