‘ভুমি বিরোধ নিষ্পত্তি আগে’
ভূমি বিরোধ নিষ্পত্তি করতে পারলে পার্বত্য শান্তি চুক্তির সিংহভাগই বাস্তবায়িত হবে বলে মনে করেন জাতীয় মানবধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান।
পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা সমাধানের লক্ষ্যে গঠিত ভুমি কমিশন কার্যকর করেই ভূমি বিরোধ নিষ্পত্তি করতে হবে বলে জানান তিনি।
মঙ্গলবার রাঙামাটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার পার্বত্য ভূমি কমিশন গঠন করেছে। কিন্তু কমিশন আইনের কার্যকর করতে পারেনি।
“তাই আমরা সরকারের কাছে সুপারিশ পাঠিয়েছি যাতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নাগরিগকদের সঙ্গে আলাপ-আলোচনা করে ভূমি বিরোধ নিষ্পত্তি করা হয়।”
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানবধিকার বিষয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের দুই দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
কমিশন চেয়ারম্যান মনে করেন, সম্প্রতি খাগড়াছড়ির তাইন্দংয়ে সাম্প্রদায়িক ঘটনার ব্যাপারে প্রশাসন আগেভাগে ব্যবস্থা গ্রহণ করলে এত বড় তাণ্ডব ঘটত না।
তাইন্দং ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যর টাকা প্রদানে এক সরকারি কর্মকর্তা টিপ সই নিলেও টাকার অংক বসাননি। তাই এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখতে হবে।
কমিশন বিষয়টি তদন্ত করতে ক্যাবিনেটকে জানিয়েছে বলেও তিনি জানান।
মানবাধিকার কমিশনের আয়োজনে ও আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে কর্মশালার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
জাতীয় মানবধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক মোস্তফা কামাল, পুলিশ সুপার আমেনা বেগম।
কর্মশালার উদ্ধোধনের পর কমিশন চেয়ারম্যান কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন।
