খাদ্যে ভেজালে জেল-জরিমানার আইন
খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর দায়ে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রেখে ‘নিরাপদ খাদ্য বিল-২০১৩’ সংসদে পাস হয়েছে।
দ্বিতীয়বার একই অপরাধ করলে সাজার মাত্রা দ্বিগুণ হবে বলে এই আইনে বলা হয়েছে।
সোমবার বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। এটি কণ্ঠভোটে পাস হয়।
গত ৩০ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন খাদ্যমন্ত্রী। তখন এটি পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এই আইনের মধ্য দিয়ে ১৯৫৯ সালের ‘পিওর ফুড অর্ডিনেন্স’ অকার্যকর হল।
নতুন আইনের আওতায় ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ নামে একটি সংস্থা গঠিত হবে। এর কাজ হবে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং নিম্নমাণের পণ্য বিক্রি বন্ধের উদ্যোগ নেয়া।
এছাড়া খাদ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বয় করে কার্যক্রম পরিচালনার জন্য ‘জাতীয় খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ’ গঠন করা হবে। পরিষদের সভাপতি হবেন খাদ্যমন্ত্রী।
যেসব প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করে তাদের কাজ সমন্বয় করে একটি কাঠামোয় নিয়ে আসা হবে এই আইনের মাধ্যমে।
নতুন আইনে খাদ্য নিয়ে মিথ্যা বিজ্ঞাপন দিলে এক বছর কারাদণ্ড, নিবন্ধন ছাড়া বিপণন করলে তিন বছর, ছোঁয়াচে ব্যাধি আক্রান্ত কাউকে দিয়ে খাদ্য বিক্রি করলে দুই বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়া হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করা ‘নিম্নমানের’ খাবার গ্রহণের ফলে কারও স্বাস্থ্যহানি ঘটলে সরবরাহকারীকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
এই আইনের অধীন অপরাধগুলো ‘মোবাইল কোর্ট আইন-২০০৯’ অনুযায়ী বিচার করা যাবে।
