২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএলএম ব্যবসা নিয়ন্ত্রণ বিল পাস

বহুস্তর বিপণন (এমএলএম) ব্যবসার কার্যক্রম আইনি কাঠামোর আওতায় আনতে ‘মাল্টি লেভেল মার্কেটিং (নিয়ন্ত্রণ) বিল-২০১৩’ সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 11:32 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

সোমবার জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। এটি কণ্ঠভোটে পাস হয়।

গত ৩০ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রীর পক্ষে বিলটি সংসদে উত্থাপন করেছিলেন বিমানমন্ত্রী ফারুক খান। তখন এটি দুই দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

গত ১৯ অগাস্ট বিলটিতে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সংসদ অধিবেশন না থাকায় গত ২ সেপ্টেম্বর এটি অধ্যাদেশ আকারে জারি করা হয়।

সংবিধান অনুযায়ী অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের পরবর্তী প্রথম অধিবেশনেই তা অনুমোদন করতে হয়।

গত বছরের ১৭ সেপ্টেম্বর এমএলএম আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। ডাইরেক্ট সেল আইন নামে বিলটি মন্ত্রিসভায় উঠলেও পরে এর নাম পরিবর্তন করে ‘মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন’ করা হয়

নতুন এই আইনে এমএলএম  প্রতিষ্ঠানের পিরামিড সদৃশ বিক্রয় কার‌্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসাও নিষিদ্ধ করা হয়েছে।

লাইসেন্সের মেয়াদ হবে এক বছর, যা পরে নবায়ন করা যাবে। এই লাইসেন্স কোনোভাবেই হস্তান্তর করা যাবে না। লাইসেন্সের শর্ত বা আইন ভাঙলে লাইসেন্স স্থগিতের পাশাপাশি জেল জরিমানার বিধান রাখা হয়েছে।

এমএলএম ব্যবসা পরিচালনকারীর বার্ষিক লেনদেন ও অডিট প্রতিবেদন সরকারের কাছে দখলের বিধান করা হয়েছে। এছাড়া ‘প্রলুব্ধ’ বা ‘প্রতারণা’ করার জন্য বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

এই আইনের অধীন সব অপরাধ অজামিনযোগ্য ও আমলযোগ্য রাখা হয়েছে। সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশে মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কার‌্যক্রম নিয়ন্ত্রণ ও পরিবীক্ষণের জন্য সুনির্দিষ্ট আইন বা নীতিমালা থাকলেও বাংলাদেশে তা নেই। বাংলাদেশে সাম্প্রতিক কিছু মাল্টি লেভেল কোম্পানির বিরুদ্ধে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জনসাধারণকে অর্থ বিনিয়োগে অর্থ বিনিয়োগে আকৃষ্ট করা অথবা অলীক ও অদৃশ্য পণ্য বিপণনের মাধ্যমে প্রতারণা করার অভিযোগ উত্থাপিত হলেও সুনির্দিষ্ট আইন বা নীতিমালা না থাকায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।”

সাধরণ জনগণকে প্রতারণার হাত থেকে রক্ষা এবং এমএলএম কোম্পানিগুলোকে আইনি কাঠামোর আওতায় এনে কাজ নিয়ন্ত্রণের আইনটি কা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।