ফেনীতে ১২টি তক্ষক উদ্ধার, পরে অবমুক্ত
ফেনী সদরের মহিপালে একটি আবাসিক হোটেল থেকে রোববার রাতে ১২টি তক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বন বিভাগের মাধ্যমে এগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয় বলে পুলিশ ও বন বিভাগ জানিয়েছে।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন জানান, রোববার মধ্যরাতে পুলিশ একটি হোটেল থেকে ১২টি তক্ষক উদ্ধার করে। এ সময় তক্ষক ব্যবসায়ী সাহাব উদ্দিন, শরীফ আহম্মদ ও ছাইদুল হককে আটক করে ফেনী মডেল থানায় নেয়া হয়।
এ ঘটনায় পুলিশ ফেনী মডেল থানায় তিন তক্ষক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা করেছে।
সোমবার বিকালে তক্ষকগুলো ফেনী সামাজিক বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বলেও জানান তিনি।
বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. গোলাম মওলা জানান, উদ্ধার করা তক্ষকগুলো ফেনী সদর উপজেলার কাজিরবাগ নার্সারী কেন্দ্রের জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
এ সময় ফেনী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ভূবন চন্দ্র দাস, শহীদ উল্লাহ ও আবু তাহের উপস্থিত ছিলেন।
