২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাংনীতে গীর্জাসহ কয়েকটি বাড়িতে ডাকাতি

মেহেরপুরের গাংনী পৌর এলাকায় একটি গীর্জা এবং কয়েকটি বাড়িতে রোববার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।       

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মেহেরপুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 07:31 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

গাংনী থানার ওসি মাসুদুল আলম এ ডাকাতির ঘটনা নিশ্চিত করেন।

আহতদের মধ্যে রয়েছেন ভবেরপাড়া গ্রামের সুফল দফাদার (৪৫), জয়ন্ত মণ্ডল (৪০), গোপাল মণ্ডল (৪৭), বিকাশ মণ্ডল (৪৩), প্রসেনজিৎ (৩০), আক্তারুজ্জামান (৩০), ইদ্রিস আলী (২৭) ও শরিফুল ইসলাম (৩৮)।

তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গীর্জার কর্মকর্তা সমর বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে পার্বন অনুষ্ঠান উপলক্ষে গীর্জায় আসেন মুজিবনগর উপজেলার ভবেরপাড়া, বল্লবপুর ও গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামের অন্তত ৩৫ জন সদস্য।

অনুষ্ঠান চলাকালে রাত ২টার দিকে ১০/১২ জন সশস্ত্র ডাকাত এসে পাঁচ জনকে আহত করে এবং নগদ ৩০ হাজার টাকা, ২০টি মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

ওসি মাসুদুল আলম বলেন, প্রায় একই সময় ভিটাপাড়ায় একটি দোকানসহ তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে।

এ তিন বাড়ি এবং দোকান থেকে নগদ ৪৫ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন সেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতরা।