২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ভিসি ৫ ঘণ্টা অবরুদ্ধ, সিন্ডিকেট পণ্ড

শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রায় পাঁচঘণ্টা অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগের একাংশ। এ কারণে পণ্ড হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নির্ধারিত বৈঠক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাবিপ্রবি প্রতিনিধি, ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 06:44 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

সিন্ডিকেট সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সোমবার বেলা আড়াইটায় উপাচার্য ভবনে এ বৈঠক হওয়ার কথা ছিল। বিকাল সাড়ে ৫টার দিকে বৈঠক বাতিল করা হয়।

নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রলীগের একাংশ।

এ বিষয়টি সিন্ডিকেট দেখবে উপাচার্যের এমন কথায় উপাচার্য ভবনের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেয় ছাত্রলীগের ওই অংশের নেতাকর্মীরা।

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও সিন্ডিকেট সদস্যরা উপাচার্য ভবনে প্রবেশ করতে চাইলে তারা বাধা দেয়। অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীরা ‘অবৈধ নিয়োগ প্রক্রিয়া বাতিল কর, করতে হবে’ শ্লোগান দেন।

পরে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া ৯ অক্টোবরের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে বিকাল সাড়ে ৫টার দিকে তালা খুলে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

ছাত্রলীগ নেতা মোস্তাক মিয়াজী অভিযোগ করেন, আর্থিক লেনদেনের মাধ্যমে পদার্থবিজ্ঞান বিভাগের ২০০২-০৩ শিক্ষাবর্ষে পাশ করা এনামুল হক জনিকে প্রভাষক হিসেবে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ করা হয়। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তারচেয়েও ভাল ফলধারী প্রার্থীকে উত্তীর্ণ করা হয়নি।

এ ব্যাপারে উপাচার্য বলেন, ছাত্রলীগের অভিযোগটি সত্য নয়। বিজ্ঞাপিত পদে সকল নিয়োগই প্রসিডিউর মেইনটেইন করা হয়েছে।