চট্টগ্রাম মেয়রের বাংলো নির্মাণে স্থিতাবস্থার আদেশ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের জন্য বাংলো নির্মাণের উপর স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের আদালত এই আদেশ দেয়।
আদেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে টাইগারপাস এলাকায় পাহাড় কাটা বা ধ্বংস করার কাজে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়।
এছাড়া দুমাসের মধ্যে কাটা পাহাড়ের মাটি ভরাট করতে সিটি কর্পোরেশনের মেয়রকে নির্দেশ দেয়া হয়। পাশাপাশি এ সংক্রান্ত একটি প্রতিবেদন দিতে বলা হয় আদালতে।
আদেশে পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নিতে জেলা প্রশাসক, সিএমপি কমিশনার ও ডাবলমুরিং থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।
এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে টাইগারপাস এলাকায় পাহাড় রক্ষায় বিবাদিদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চেয়েছে আদালত।
সংবিধান ও অন্যান্য আইন অনুসারে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এবং ইনফোর্সমেন্ট), পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের আঞ্চলিক দপ্তরের পরিচালকের বিরুদ্ধে কেন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হবে না- তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
পরিবেশ সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এবং ইনফোর্সমেন্ট), পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের আঞ্চলিক দপ্তরের পরিচালক, জেলা প্রশাসক, সিএমপি কমিশনার ও ডাবলমুরিং থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী গত ৩ অক্টোবর এই রিট আবেদনটি দায়ের করেন।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করে অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, সংবিধানে পরিবেশ রক্ষায় প্রশাসনের কাজ করার নির্দেশনা থাকলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোনো ধরণের অনুমতি ছাড়াই পাহাড়ের উপর মেয়রের বাংলো নির্মাণ করছে। সেখানে পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে।
‘পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই, পাহাড়ে মেয়রের বাংলো’ শিরোনামে গত ৩০ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন প্রতিবেদন যুক্ত করে এই রিট আবেদনটি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের জন্য নগরের টাইগারপাস এলাকায় পাহাড়ের ওপর বাংলো নির্মাণের কাজ শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই করপোরেশন বাংলোর নির্মাণকাজ শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।
করপোরেশন সূত্রে জানা গেছে, বাংলো নির্মাণে পাঁচ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ভবনটি হবে আড়াই তলা। আগামী বছরের মধ্যে বাংলোর নির্মাণকাজ শেষ করার কথা।
ওই প্রতিবেদনে চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে উদ্বৃত করে বলা হয়, “ওই পাহাড়চূড়ায় একসময় পুলিশ সুপারের বাংলো ছিল। চট্টগ্রামের জেলা প্রশাসক, ডিআইজিসহ অনেকের বাংলো পাহাড়ের ওপরে। এসব ভবন নির্মাণের জন্য কারো কাছ থেকে অনুমতি নিতে হয়নি। আর আমরা তো পাহাড় কাটছি না। সেখানে নতুন করে বাংলো নির্মাণ করছি মাত্র।’
মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নিলামের মাধ্যমে রেলওয়ের মালিকানাধীন এই পাহাড় কিনেছে।
