২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুদকের মামলায় গতি নেই

চট্টগ্রামে গত এক বছরে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ৮১টি মামলা করলেও অভিযোগপত্র জমা পড়েছে মাত্র একটির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উত্তম সেনগুপ্ত চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 11:53 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

এছাড়া গত আট বছরে দুদকের করা মামলার সংখ্যা ২৭৪টি হলেও নিষ্পত্তি হয়েছে মাত্র সাতটি। তার মধ্যে তিনটি মামলার বিচার কাজ সম্পন্ন হয়েছে, আর চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে চারটির।

আদালতের প্রাপ্ত তথ্য মতে এবছরের সেপ্টেম্বর পর্যন্ত সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন জনের বিরুদ্ধে মোট মামলা হয়েছে ৮১ টি। তার মধ্যে একটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। 

মামলার অগ্রগতি না থাকার জন্য উচ্চ আদালতের স্থিতাবস্থার আদেশ আর তদন্তের ঢিলেমীকে দায়ী করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। 

দুদকের আইনজীবী (পিপি) মাহমুদুল হক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়ার পর থেকে আমাদের কাজ শুরু হয়। আর দুদক কর্মকর্তারাই মামলার অভিযোগপত্র জমা দেন।

“উচ্চ আদালতের স্থিতাবস্থা জারির কারণে অনেক মামলার অগ্রগতি থেমে আছে।”

পূর্ব রেলের নিয়োগ বাণিজ্যের অভিযোগে মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ রেল কর্মকর্তাদের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে নগরীর কোতোয়ালি থানায় মামলা হয়েছে আটটি। তার মধ্যে অভিযোগপত্র জমা পড়েছে মাত্র একটির।

রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েলের বর্তমান ও সাবেক ব্যস্থাপকসহ বিভিন্ন জনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে সদরঘাট থানায় তিনটি মামলা হয় গত জুলাইয়ে। এর একটিরও অভিযোগপত্র জমা পড়েনি।

এছাড়া বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও কৃষি ব্যাংকের ছয় কর্মকর্তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনের মামলারও অভিযোগপত্র জমা হয়নি আট মাসে।

গত বছর বিভিন্ন অভিযোগে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন জনের বিরুদ্ধে দায়ের ৪৫টি মামলার মধ্যে অভিযোগপত্র জমা হয় মাত্র নয়টির। 

Image
ইউসুফসহ ৩ রেল কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ইউসুফসহ ৩ রেল কর্মকর্তার বিরুদ্ধে মামলা

এর মধ্যে পূর্ব রেলের জিএম ইউসুফ মৃধাসহ রেল কর্মকর্তাদের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বর মাসে হওয়া ছয়টি মামলার মধ্যে অভিযোগপত্র জমা হয়েছে চারটির।

গত বছরের ১৭ সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েলের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া বিটুমিন সরবরাহ ও খোলা বাজারে বিটুমিন বিক্রির অভিযোগে নগরীর ডবলমুরিং থানায় মামলা হয় পাঁচটি। এর একটিরও অভিযোগপত্র জমা পড়েনি আদালতে।

আদালত থেকে পাওয়া তথ্য থেকে আরো জানা যায়, ২০১১ সালে দায়ের হওয়া ২৬টি মামলার মধ্যে ১৩টির অভিযোগপত্র এবং একটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত কর্মকর্তা।

২০১০ সালে হওয়া ৪২টি মামলার ৩৯টি এবং ২০০৯ সালে ১৭টি মামলার ১৭টির অভিযোগপত্র দেয়া হয়।

এছাড়া ২০০৮ সালে দায়ের হওয়া ৪৩টি মামলার ১৮টির অভিযোগপত্র ও এবং দুইটি মামলার বিচার কাজ সম্পন্ন হয়েছে।

এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তৎকালীন নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ২০০৮ সালে অর্থ আত্মসাতের অভিযোগে করা ১৫টি মামলার একটিরও অভিযোগপত্র জমা পড়েনি আদালতে।

দুদকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা, তদন্ত এবং অভিযোগপত্র জমা দিতে কমিশন তার নিজস্ব আইন মেনে চলে।

আইন অনুযায়ী, কোনো মামলা করতে যেমন কমিশনের প্রধান কার্যালয়ের অনুমতি নিতে হয়; তেমনি মামলার তদন্ত ও অভিযোগপত্র জমা দিতেও তা প্রয়োজন হয়।

তদন্তের দেরির বিষয়ে আজিজ ভূঁইয়া বলেন, দুদকের মামলার অভিযোগপত্র ‘শক্ত’ হয়। যার কারণে অপরাধীরা সহজে পার পায় না।

“মামলার সঠিক তদন্তের জন্য তাই সময়টা একটু বেশি লাগে। তারপরে অনুমতির বিষয়টিও বিলম্বের একটি কারণ।”