মেডিকেলে ভর্তির ফল প্রকাশ
চলতি বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
রোববার বিকাল থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো শুরু হয়েছে বলে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এবার ভর্তি ফরম পূরণের সময় পরীক্ষার্থীদের মোবাইল ফোন নম্বর নেয়া হয়েছিল। ওই নম্বরেই পাঠানো হচ্ছে ফল।
অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd তে ফলাফল পাওয়া যাবে বলে অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন।
গত শুক্রবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার দুদিন পরই ফল প্রকাশ হল।
দেশে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১২। ৫৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৮০০।
এছাড়া ১০টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৩২টি আসন রয়েছে। ১৮টি বেসরকারি ডেন্টাল ইনস্টিটিউটে আসন রয়েছে ১ হাজার ৫০টি।
চলতি মাসের মধ্যেই সরকার মেডিকেল-ডেন্টালের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বলে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিষয়ক পরিচালক এবিএম আব্দুল হান্নান ইতোপূর্বে জানিয়েছিলেন।
সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির পর বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান তিনি।
