রামু সহিংসতার তদন্তকারীকে বদলির প্রতিবাদ
গতবছর রামুর বৌদ্ধ মন্দির ও বসতিতে সহিংসতার মামলার তদন্ত কর্মকর্তা বাবুল আকতারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
রোববার দুপুর ২টায় উপজেলার চৌমুহনীতে এ মানববন্ধন ও সমাবেশে সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষুসহ বৌদ্ধ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা এ হামলায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতারকে স্বস্থানে বহাল রাখার দাবি জানান।
পুরো তদন্ত কাজে প্রথম থেকেই সংশ্লিস্ট রয়েছেন পুলিশ সুপার বাবুল আকতার। তাই তার বদলি আদেশ প্রত্যাহার জরুরি বলে মনে করছেন তারা।
এ সহিংসতার মামলার চূড়ান্ত অভিযোগপত্র দেয়ার আগে বাবুলকে বদলি করা হলে প্রকৃত অপরাধীরা ছাড়া পেয়ে যাবে বলেও অশঙ্কা প্রকাশ করেন বক্তারা।
২০১২ সালে ২৯ সেপ্টেম্বর ফেইসবুকে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে রামু উপজেলায় তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।
ওইদিন রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এতে বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়ে ছাই হয়। পরদিন ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরেও হামলা হয়।
