ছিনতাইয়ের অভিযোগে ৩ পুলিশ সদস্য গ্রেপ্তার
রাজধানীর তাঁতীবাজার এলাকায় ‘ছিনতাইয়ে’ জড়িত থাকার অভিযোগে ক্যান্টনমেন্ট থানা পুলিশের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
তারা হলেন- ক্যান্টনমেন্ট থানার এসআই কাইয়ুম ও একই থানার দুই কনস্টেবল আলমগীর হোসেন ও আবুল খায়ের।
কোতোয়ালি থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
জোর করে ব্যবসায়ীদের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাঁতীবাজারের শিবলু নামের এক স্বর্ণ ব্যবসায়ীর দুই কর্মচারী চাঁন মিয়া ও আমান তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেন।
শাহ আলম জানান, আসামিরা ক্যান্টনমেন্ট থানা এলাকায় কর্মরত হলেও শনিবার দুপুরের দিকে কোতোয়ালি থানাধীন তাঁতীবাজার এলাকায় ওই স্বর্ণ ব্যবসায়ীর কর্মচারীদের থেকে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিতে যায়। দুই কর্মচারী ও এলাকাবাসী তাদের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, “যতদূর জানি মাদক মামলার আসামিদের ধরতে তিন পুলিশ সদস্য সেখানে গিয়েছিলেন। তারা চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকে ৩০ লাখ টাকা উদ্ধার করেছে বলে দুপুরে শুনেছিলাম।”
অবশ্য কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, “গ্রেপ্তাররা জানিয়েছে হুন্ডির মামলার আসামিদের ধরতে তারা সেখানে গিয়েছিল।”
