ত্বকী হত্যার বিচার চাইলেন শিল্পী কাইয়ুম চৌধুরী
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীর জন্মদিনে তার হত্যাকাণ্ডের বিচার চাইলেন শিল্পী কাইয়ুম চৌধুরী।
শনিবার বিকালে ত্বকীর ১৮তম জন্মদিনে আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাইয়ুম চৌধুরী।
“ত্বকীর মতো মেধাবী ছাত্রকে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ত্বকী হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে আরো ত্বকী খুন হবে।”
বরেণ্য এই শিল্পী বলেন, ত্বকী একটি গোষ্ঠীর নৃশংসতার শিকার হয়েছে। তার কোনো শত্রু ছিল না। ত্বকী ছিল তার পরিবারের, এখন ত্বকী সমগ্র বাংলাদেশের।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ত্বকীর ১৮তম জন্মদিনে চিত্রাংকন প্রতিযোগিতা, ত্বকীর ছবি ও কবিতা সংবলিত কার্ডের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শিল্পী অশোক কর্মকার, জাহিদ মুস্তাফা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ত্বকীর বাবা রফিউর রাব্বি, মঞ্চের সদস্য সচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা খেলাঘরের সভাপতি রথিন চক্রবর্তী, জেলা সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি জাহিদুল হক, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম, ত্বকীর চাচা ওয়াহিদ রেজা, একমাত্র ছোটভাই রাকিব মুহাম্মদ সাকী।
চিত্রাংকন প্রতিযোগিতায় ক, খ ও গ বিভাগে তিনশ’ শিশু শিক্ষার্থী অংশ নেয়। প্রতি বিভাগ থেকে ১০ জনকে পুরস্কৃত করা হয়।
পরে রাতে শহীদ মিনার প্রাঙ্গণে মোম শিখা প্রজ্জ্বলন করা হয়।
এ বছরের ৬ মার্চ নিখোঁজ হয় ত্বকী। এর দুই দিন পর নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন খালে তার লাশ পাওয়া যায়।
