চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর ডবলুমরিং থানার একটি মার্কেটে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শাহীন (৩০) সন্দ্বীপ উপজেলার কাচিয়া পাড়ার মো. ইব্রাহিমের ছেলে। তিনি নগরীর হালিশহর থানাধীন আই ব্লকের ১ নম্বর সড়কের তিন নম্বর বাড়ির বাসিন্দা।
শনিবার বিকালে ডবলুমরিং এলাকার দুবাই মার্কেটে তাকে ছুরিকাঘাত করা হয়।
চাচাতো বোনের স্বামীর ছুরিকাঘাতে শাহীনের মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা দাবি করলেও পুলিশ এবিষয়ে কিছু জানাতে পারেনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল পাঁচটার দিকে শাহীনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “শাহীনের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে।”
নিহতের ছোট ভাই শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুবাই (পুরানো সিঙ্গাপুর-ব্যাংকক) মার্কেটে আমার বড় ভাইয়ের একটি দোকান আছে। সেখানে বসা অবস্থায় ভগ্নিপতি রাসেল এসে আমার ভাইকে ছুরি মারে।”
তবে ছুরিকাঘাত করার কারণ জানাতে পারেননি তিনি।
ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুকে ছুরিকাঘাতে শাহীন নামের এক যুবক নিহত হয়েছেন।
তিনি বলেন, “তবে কে বা কারা এঘটনায় জড়িত তা এখনই বলা সম্ভব নয়।”
