২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে না’গঞ্জে ডিএনডি বাঁধে জলাবদ্ধতা

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 06:17 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

প্লাবিত হয়েছে রাস্তাঘাট, বাড়িঘর ও শিল্পকারখানা। দুর্ভোগে পড়েছে হাজার হাজার পরিবার। পানি ঢোকায় অনেকে বাড়িঘর ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

এলাকবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, পানি নিষ্কাশন কাজ চলছে। খুব শিগগিরই পানি নেমে যাবে।

পাকিস্তান আমলে তৎকালীন আইয়ুব খান সরকার ইরি চাষের জন্য সেচ প্রকেল্পর অংশ হিসেবে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরে সেচ প্রকল্প গড়ে তোলে। এ বাঁধটি সড়ক হিসেবেও ব্যবহার করা হয়।

১৯৮৮ সালের বন্যায় দেশের বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেলেও ডিএনডি বাঁধের অভ্যন্তর বন্যামুক্ত ছিল। এই কারণে সেখানে গড়ে ওঠে বাড়িঘর, শিল্পকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান।

বর্তমানে ডিএনডি বাঁধের অভ্যন্তরে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করে। দুদিনের টানা বৃষ্টিতে বাঁধের অভ্যন্তরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর, লাল খাঁ, সেহাচর, ওয়াপদারপুল, টাগারপাড়, উত্তর মাসদাইর, তুষারধারা  জালকুড়ি, ভূঁইগড়, লামপাড়া, রামারবাগ, নয়ামাটি, ওয়াপদারপুল, কতুবপুর, পাগলা চিতাশাল, সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদি, কালাহাতিয়ার পাড়, সিআইখোলা, নতুন মহল্লা, মজিববাগ, কুতুববাগ, রসুলবাগ, নিমাই কাসারী, টেংগারপাড়, কোদালদাহ, বকশনগর, হাজীগঞ্জ, গিরিধারা, সাহেবপাড়া, বাগপাড়া, ধনকুন্ডাসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।

হাঁটু পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান।

দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা আমেনা বেগম ও পারভীন বেগম জানান, দুদিনের বৃষ্টিতে তার ঘরবাড়ি হাঁটু পানিতে তলিয়ে গেছে। বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। রান্নাঘরও পানিতে তলিয়ে থাকায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সামান্য বৃষ্টি হলেই তাদের এমন দুর্ভোগ হয় বলে জানান তিনি।

পূর্ব ইসদাই এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সোহাগ হোসেন জানান, বন্যামুক্ত হওয়ায় ডিএনডি বাঁধের অভ্যন্তরে লাখ লাখ মানুষ বাড়িঘর, শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। কিন্তু সেই ডিএনডি বাঁধের ভেতরে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

তিনি অভিযোগ করেন, “পানি নিষ্কাশনের খালগুলো অবৈধভাবে দখল এবং ভরাট করে ফেলায় পানি সরতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রশাসন অবৈধ খাল দখলকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকার দিনমজুর সিরাজ মিয়া জানান, বৃষ্টিতে তার ঘরে হাঁটু পানি জমে গেছে। পানি নিষ্কাশনের বেশিরভাগ দখল হতে হতে সংকীর্ণ হয়ে গেছে।

খালগুলোর অনেক স্থানে কাঁচা-পাকা ইমারত নির্মাণ করা হয়েছে। প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি বলে তিনি অভিযোগ করেন।

শিমরাইলের ডিএনডি পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, চারটি বড় পাম্প চালু থাকার পাশাপাশি পাঁচ কিউসেকের আরো ২২টি ছোট পাম্প চালু রয়েছে। পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, পানি নিষ্কাশনের খালগুলো দিয়ে পানি নেমে আসতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি না হলে খুব শিগগিরই পানি নিষ্কাশন করা সম্ভব হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম জানান, পানি নিষ্কাশনের খালগুলোর উপর যারা পাকা অবৈধ স্থাপনা তৈরি করেছে তাদেরকে উচ্ছেদের জন্য তালিকা করে জেলা প্রশাসনে পাঠানো হয়েছে।

শিগগিরই এসব স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।

পানি নিষ্কাশনের কোথাও বাধা নেই দাবি করে তিনি বলেন, “জলাবদ্ধতার সমস্যা স্থায়ীভাবে নিরসনে খাল খননের জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড খাল খননের জন্য ফান্ড বরাদ্দ করলে আমরা উপজেলা প্রশাসন থেকে সব করমের সহায়তা করব।”