যুদ্ধাপরাধের রায় ফাঁস: গ্রেপ্তার দুজন রিমান্ডে
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের অভিযোগে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী এবং সাঁটলিপিকার ফারুক হোসেনকে শনিবার ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
এই ঘটনার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. শাহজাহান তাদের প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে সময় চান।
শুনানি শেষে মহানগর হাকিম আব্দুস সালাম দুজনকে আট দিন করে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
ফারুক ও নয়নের জামিন চেয়ে আদালতে আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ আবেদন করলেও তা নাকচ হয়।
একাত্তরে গণহত্যার জন্য গত ১ অক্টোবর বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। তবে ওই রায় আগেই ফাঁস হয়েছে বলে দাবি তোলে দণ্ডিতের পরিবার। একটি ওয়েসসাইটে প্রকাশিত কথিত রায়ের অনুলিপিও দেখায় তারা।
পরদিন ট্রাইব্যুনাল স্বীকার করে খসড়া রায়ের একটি অংশ ফাঁস হয়েছে। একথা জানিয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তারা।
ওই জিডির ভিত্তিতে পরে রায়ের খসড়ার অংশবিশেষ ফাঁসের ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে নয়নসহ তিনজনকে আসামি করে একটি মামলা হয়।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মনিরুল ইসলাম শুক্রবার সাংবাদিকদের বলেন, ট্রাইবুনালের পরিচ্ছন্নতাকর্মী নয়নকে টাকার লোভ দেখিয়ে রায়ের খসড়া কম্পিউটার থেকে পেনড্রাইভের মাধ্যমে নিয়েছেন এক আইনজীবীর সহকারী। আর তাতে সহযোগিতা করেন ট্রাইব্যুনালের এক কর্মচারী (ফারুক)।
মনিরুল ইসলাম বলেন, যারা রায়ের কম্পোজ করা কিছু অংশ সংগ্রহ করেছেন তারা দুই ধরনের অপরাধ করেছেন। বিচারাধীন বিষয়ের তথ্য গোপনে সংগ্রহ করা এবং রায় ঘোষণার আগেই তা প্রকাশ করে তারা অপরাধ করেছেন।
শুক্রবার রাজধানীর কাকরাইলে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের কার্যালয় থেকে দুটি কম্পিউটারসহ কিছু জিনিসপত্রও জব্দ করে পুলিশ।
