ইনজেকশন দেয়ার পর ৪ শিশুর মৃত্যু
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার রাতে ইনজেকশন দেয়ার পর চার নবজাতকের মৃত্যু হয়েছে। এদের বয়স চার থেকে ২০ দিনের মধ্যে।
এ ঘটনা তদন্তে শুক্রবার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেওয়ার কারণে ওই চার নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই তারা মারা যায়।
জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নুর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদরের গৃহবধূ মোরশেদার শিশুকে ইনজেকশন দেয়া হলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। একইভাবে মারা যায় সদরের অলোয়া গ্রামের লিটন মিয়ার ছেলে, ছিটকিবাড়ী গ্রামের আল আমিনের ছেলে ও কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের রিপন মিয়ার ছেলে।
তিনি বলেন, ঘটনাটি তদন্তে শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জে আই এম আবদুল্লাহ আল হারুনকে প্রধান এবং কার্ডিওলজি বিভাগের ডা. তাপস কান্তি ভৌমিক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলামকে সদস্য করে একটি কমিটি করা হয়েছ।
কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, বলেন নুর মোহাম্মদ।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মাসুদুজ্জামান জানান, চার শিশুর মধ্যে একজনের ছিল জন্মগত শ্বাসকষ্ট এবং অপর তিনজন ছিল কম ওজনের।
ডা. সাইফুল ইসলাম বলেছেন, শিশুদের যে ওষুধ দেয়া হয়েছে তা সঠিক এবং সেগুলোর মেয়াদ ২০১৪ সাল পর্যন্ত ছিল। শিশুগুলো এমনিতেই বেশি অসুস্থ ছিল। তবে কী কারণে তারা মারা গেছে তা এখন বলা যাচ্ছে না।
