২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শিক্ষক প্রতিনিধি ছাড়াই সিন্ডিকেট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট শিক্ষকদের সরাসরি ভোটে নির্বাচিত পাঁচ ক্যাটাগরির একজন সদস্যও নেই। ফলে শিক্ষক প্রতিনিধি ছাড়াই চলছে এর কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শোভন শাহমিন দিশা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 06:53 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

২০১১ সালের ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দুইবছর পার হয়ে গেলেও সিন্ডিকেট নির্বাচন দেয়নি কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, অধ্যাপক ক্যটাগরির নির্বাচিত ড. ইরশাদ কামাল লিয়েনে গেছেন প্রায় একবছর আগে। অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত অধ্যাপক নুরুল আনোয়ার এখন পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য।

সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে পদার্থ বিদ্যা বিভাগের ড. মো. নাসিম হাসান, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে লোকপ্রশাসন বিভাগের খসরুল আলম কুদ্দুসী এবং প্রভাষক  ক্যাটাগরিতে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরীর পদোন্নতি হয় যথাক্রমে আট, ছয় ও সাত মাস আগে।

তাদের পদোন্নতি ও ছুটির কারণে সিন্ডিকেটে স্ব স্ব পদে প্রতিনিধিত্ব চলে যায় ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী এক শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়মানুযায়ী প্রতি দুইবছর পর পর সিন্ডিকেট নির্বাচন করতে হয়। কিন্তু নির্বাচন না হলে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তারা প্রতিনিধি হিসেবে থাকতে পারে।”

কিন্তু বর্তমান সদস্যদের পদোন্নতি হওয়ায় তাদের প্রতিনিধি পদ চলে গেছে, বলেন তিনি।

তিনি আরো জানান, সিন্ডিকেটে ডিন ক্যাটাগরি ও প্রভোস্ট ক্যাটাগরির দুইজন সদস্য শিক্ষক হলেও তাদের পদগুলো প্রশাসনিক পদ।

তাদের নির্বাচিত বলা হলেও উপাচার্যের পছন্দে এ দুই ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হন তারা।

“সে হিসেবে বর্তমান সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে সদস্য কলা অনুষদের ডিন ড. ইমরান হোসেন ও প্রভোস্ট ক্যাটাগরির সদস্য ড. সুলতান আহমেদ উপাচার্যের পছন্দে মনোনীত হয়েছেন।”

এছাড়া, সিনেট থেকে মনোনীত এসএম ফজলুল হকের প্রতিনিধিত্ব  নিয়মানুযায়ি ১৯৯৯ সালে শেষ হওয়ার কথা।  

কিন্তু দীর্ঘ দিন ধরে চবিতে সিনেট নির্বাচন না হওয়ায় তিনি এখনও সদস্য হিসেবে রয়েছেন।

গত ৩১ জুলাই বর্তমান সিন্ডিকেটের মেয়াদ শেষ হওয়ায় ও সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি শূন্যতার অভিযোগ এনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের সাদা দল।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক কেএম গোলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ যাবৎ শিক্ষক প্রতিনিধি শূন্য সিন্ডিকেট আর কখনও হয়নি।

এজন্য অবিলম্বে সিন্ডিকেট নির্বাচন দেয়ার দাবি জানান গোলাম মহিউদ্দিন।

উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার ছাড়া বর্তমানে সিন্ডিকেট সদস্যরা হলেন, রাষ্ট্রপতি ও চ্যন্সেলর কর্তৃক মনোনীত সদস্য- সাবেক উপাচার্য প্রফেসর আবদুল মান্নান, বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌরেন্দ্র নাথ বিশ্বাস, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল খায়ের।

এছাড়া সরকার কর্তৃক মনোনীত সদস্য হলেন পরিকল্পনা সচিব।

এদিকে, শিক্ষক প্রতিনিধি না থাকলেও সভা করতে কোন সমস্যা হয় না বলে দাবি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের।

উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি না থাকলেও অন্যান্য সদস্যরা নিয়মিত সভায় যোগদান করেন।”   

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক সিন্ডিকেট সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকদের ভোটেই বিভিন্ন পদের শিক্ষকরা সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষকদের পক্ষে কথা বলেন।

কিন্তু শিক্ষক প্রতিনিধি না থাকলে শিক্ষকদের পক্ষে কথা বলার মত কেউ থাকে না। উপাচার্য তার নিজের মত করে সকল সিদ্ধান্ত পাস করিয়ে নিতে পারে।

উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের দাবি- হরতাল ও রাজনৈতিক অস্থিরতার জন্য নির্বাচন করা ও তারিখ ঘোষণা সম্ভব হয় নি।

“তবে পূজা, ঈদ ও শরৎকালীন ছুটি শেষে ক্যাম্পাস খোলার পরপরই সিন্ডিকেট নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে” বলেন তিনি।