২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা দাবির অভিযোগে সাংস্কৃতিককর্মী গ্রেপ্তার

বৃহস্পতিবার খুলনা নগরীর পিকচার প্যালেস এলাকার একটি কুরিয়ার সাভিস অফিস থেকে হরপ্রসাদ হালদার ওরফে মিঠু ওরফে রশিদ ওরফে রশিদুজ্জামানকে (৩২) গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 04:54 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

হরপ্রসাদ হালদার বাগেরহাট শহরের শালতলা এলাকার অ্যাডভোকেট চিত্তরঞ্জন হালদারের ছেলে। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের গুলশাখালী গ্রামে।। তবে পরিবারের সবাই শহরে বসবাস করেন।

তিনি ‘বাগেরহাট থিয়েটার’ নামে একটি নাট্য সংগঠনের সদস্য বলে সংশ্লিষ্টরা জানান।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দেড় মাস ধরে মোবাইল ফোনে চরমপন্থীদের নামে বাগেরহাটের বিভিন্ন মানুষকে হত্যা এবং আপত্তিকর ছবি প্রকাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন।

এদের মধ্যে রয়েছেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুজ্জামান দিপু, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাহজাহান মিনা, শহরের বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ দাস, নারী আন্দোলন নেত্রী রেহানা পারভীন লাকি প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, সর্বশেষ বৃহস্পতিবার সকালে তিনি বাগেরহাটের ব্যবসায়ী সুভাষ দাসের কাছে ফোন করে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সম্মেলনের জন্য দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে হত্যার হুমকি দেন।

বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশের পরামর্শে বৃহস্পতিবার বিকালে সুভাষ এ যুবককে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। পরে তিনি কুরিয়ার সার্ভিস থেকে টাকা তুলতে এলে পুলিশ গ্রেপ্তার করে।