মায়ের হাত থেকে মেয়েকে অপহরণ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে মায়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার হারোয়া ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে এ অপহরণ ঘটনা ঘটে।
মেয়েটিকে উদ্ধারের দাবিতে শুক্রবার নাটোর-পাবনা সড়কের বনপাড়া বাজারে মানববন্ধন করেছেন স্কুলটির শিক্ষার্থী ও শিক্ষকরা।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক নূরে আলম জানান, বনপাড়া সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ওই মেয়েটি বৃহস্পতিবার দুপুরে মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল।
পৌর এলাকার হারোয়া ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে স্থানীয় জুয়েল রানা, মইনুল ইসলাম রাজু, রাব্বীসহ ৭/৮ জন ‘বখাটে’ যুবক অস্ত্রের মুখে মেয়েটিকে অপহরণ করে।
এ সময় বাধা দেওয়ায় তারা মেয়েটির মাকে মারধর করে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মেয়েটির বাবা বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন।
এদিকে মেয়েটিকে উদ্ধারের দাবিতে সকাল ১১টা থেকে একঘণ্টা বনপাড়া বাইপাস থেকে বড়াইগ্রাম উপজেলা পরিষদ পর্যন্ত দীর্ঘ দেড় কিলোমিটার মানববন্ধন রচনা করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে কালিকাপুর কৃষি-কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, অপহৃত ছাত্রীর বাবা, বনপাড়া সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার লাজারুস রোজরিও, সহকারী শিক্ষক বেনেডিক্ট গমেজ, পারুল আক্তার, জিয়াউর রহমান বক্তব্য দেন।
তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মেয়েটিকে উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
