মেহেরপুরের গাংনীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আবু বক্কর (৫৫) উপজেলার কোদালকাটি গ্রামের মৃত হারান মণ্ডলের ছেলে।
শুক্রবার ভোরে স্থানীয় রাজাপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান গাংনী থানার ওসি মাসুদুল আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের তথ্যর ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে।
মাসুদুল বলেন, পুলিশ হত্যা রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে নিহতের চাচাতো ভাই বাছিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাখুন্ডি বাজারে কাঁচা মরিচ বিক্রি করে বাড়ি ফেরার পথে রাজাপুর মাঠে আবু বক্করের পথ রোধ করে এক দল ছিনতাইকারী। তারা তার কাছে নগদ টাকা ও বাইসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্ট করে। আবু বক্কর বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা।
নিহতের স্ত্রী আরজিনা খাতুন জানান, রাতে অনেক খোঁজাখুঁজির পর আবু বক্করের লাশ রাজাপুর মাঠে পাওয়া যায়।
