২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৬

নারায়ণগঞ্জ ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ৭০ ভরি স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা। তাদের হামলায় ওই বাড়ির ছয় সদস্য  আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় ডকইয়ার্ড ব্যবসায়ী আব্দুল কাদিরের বাড়িতে ডাকাতি হয়।  

ডাকাতদের হামলায় কাদিরের মা মালেকা বানু, ছেলে বিন্দু, সিয়াম ও পূরবীসহ পরিবারের আরো দুই সদস্য আহত হন। সবাইকে প্রাথমিক চিকিসা দেয়া হয়েছে।

গৃহকর্তা কাদিরের বরাত দিয়ে পরিদর্শক সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে ২০/২৫ জন মুখোশধারী ডাকাত চাপাতি, রামদার মতো ধারালো অস্ত্র নিয়ে ওই বাড়িতে হানা দেয়। বাধা দিতে গেলে তারা হামলা চালায়।

ডাকাতরা কাদিরের সিঙ্গাপুর ফেরত ভাই জয়নাল মিয়ার ৬ মাস বয়সী ছেলে জারিফকে মেঝেতে শুইয়ে পেটে পাড়া দিয়ে হত্যার হুমকি দেয়।

ডাকাতরা ঘরে থাকা ৭০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে বুড়িগঙ্গা নদী দিয়ে ট্রলারযোগে পালিয়ে যায়।

পুলিশ পরিদর্শক বলেন, মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।