২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের মৃধার বিরুদ্ধে আরো দুই মামলায় অভিযোগপত্র

নিয়োগে অনিয়মের দুই মামলায় পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 08:35 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার মৃধাসহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে জমা দেন কমিশনের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশিদুর রেজা।

সাব্কে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারের অর্থ কেলেঙ্কারির পর দায়েরের পর তদন্তও করেন এই দুদক কর্মকর্তা।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগপত্রগুলো দাখিলের পর তা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। আগামী ২০ অক্টোবর এ বিষয়ে শুনানি হবে।

তিনি জানান, দুটি মামলার মধ্যে একটিতে চারজন এবং অন্যটিতে সাতজনকে আসামি করা হয়েছে।

ইউসুফ মৃধাসহ তিন কর্মকর্তা দুই মামলায়ই আসামি। অন্য দুজন হলেন- পূর্ব রেলে নিয়োগ কমিটির সদস্য সচিব ও  জ্যেষ্ঠ ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া এবং নিয়োগ কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান।

রেলের ছয়টি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ছয়টি মামলা করে দুদক।

Image
ইউসুফসহ ৩ রেল কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ইউসুফসহ ৩ রেল কর্মকর্তার বিরুদ্ধে মামলা

এর মধ্যে দুটি মামলায় তদন্ত শেষে ইতোমধ্যে অভিযোগপত্র দিয়েছে দুদক। বুধবার আরো দুটি মামলায় অভিযোগপত্র জমা হল।

যে ছয়টি পদে অনিয়মের অভিযোগে মামলা করা হয় সেগুলো হলো- সহকারী লোকো মাস্টার, সহকারী কেমিস্ট, টিকেট ইস্যুয়ার, ট্রেড অ্যাপরেনটিস, ফুয়েল চেকার ও টুল কিপার।

চট্টগ্রাম আদালতের দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জুলফিকার জানান, একটি অভিযোগপত্রে তিন রেল কর্মকর্তা ও নিয়োগ পাওয়া চারজন এবং অন্যটিতে তিন কর্মকর্তা ও নিয়োগপ্রাপ্ত একজনকে আসামি করা হয়েছে।

২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকার বিজিবি সদর দপ্তরে ওমর ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরিচ্যুত হন ওমর ফারুকও।

এরপর ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলওয়েতে বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১৪টি মামলা করেছে দুদক।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউসুফ মৃধার বিরুদ্ধে আলাদা মামলাও হয়েছে।

পুরনো খবর:

রেলের অর্থ কেলেঙ্কারি ফারুক ও ইউসুফ মৃধার বিরুদ্ধে মামলা
পূর্ব রেলের তিন কর্মকর্তা বরখাস্ত
ইউসুফসহ ৩ রেল কর্মকর্তার বিরুদ্ধে মামলা
রেলের ইউসুফ মৃধার বিরুদ্ধে অভিযোগপত্র