চট্টগ্রামে হরতালে হাতবোমায় স্কুলশিশু আহত
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ডাকা হরতালে হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছে এক স্কুলশিশু।
আহত ফুয়াদ (৫) বন্দর নগরীর এলিমেন্টরি কিন্ডার গার্টেনের কেজি শ্রেণির শিক্ষার্থী।
একাত্তরে গণহত্যার দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মঙ্গলবার আন্তর্জাতিদক অপরাধ আদালত মৃত্যুদণ্ড দিলে তার প্রতিক্রিয়ায় চট্টগ্রামে হরতাল ডাকা হয়।
বুধবার ওই হরতালের সময় দুপুর ১টার দিকে কয়েকজন পিকেটার কোতোয়ালি থানাধীন আমতলী এলাকায় একটি অটোরিকশা ভাংচুরের পাশাপাশি একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
স্থানীয় এক ব্যক্তি জানান, ফুয়াদ তার বাবার মোটর সাইকেলে ছিল। হাতবোমার স্প্লিন্টারে জখম হয় সে।
কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি শিশু আহত হওয়ার খবর শুনেছি। ঘটনার পর পর সেখানে পুলিশ পাঠানো হলেও আহতকে পাওয়া যায়নি।”
