হরতালে রাঙ্গুনিয়ায় গাড়ি-স মিলে আগুন
সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় প্রত্যাখ্যান করে হরতালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাটে একটি পিকআপ ভ্যান ও পোমরা এলাকায় একটি স মিলে আগুন দেয়া হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা পোমরা এলাকায় সৈয়দ মেম্বারের মালিকানাধীন একটি স মিলে আগুন দেয়। দমকল বাহিনী আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানায়।
প্রায় কাছাকাছি সময়ে রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় মালবোঝাই একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।
দমকল বাহিনীর রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা সরোজ কান্তি ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিরহাটে পিকআপ ভ্যানে আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে পানির পাইপের আঘাতে সালাউদ্দিন কাদের (৩২) নামের এক দমকল কর্মী আহত হন।
এসআই জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।
তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
