‘কপিরাইট আইনের প্রয়োগ নেই’
কপিরাইট আইন প্রয়োগ করে সরকার কোটি কোটি টাকা আয় করতে পারে বলে মন্তব্য করেছেন কপিরাইট বোর্ডের সদস্য কবি মুহাম্মদ নূরুল হুদা।
বুধবার ফরিদপুরে এক সেমিনারে তিনি বলেন, এ আইন প্রয়োগ না করার কারণে কপিরাইট বোর্ডও ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে।
‘বাংলাদেশে কপিরাইট সমীক্ষা, সুরক্ষা ও সুফল’ শীর্ষক সেমিনারে তিনি মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
কবি নূরুল হুদা আরো বলেন, বাংলাদেশে অমর একুশের গ্রন্থমেলায় কপিরাইট লঙ্ঘিত হয়। বিশেষতঃ কবিতা ও প্রবন্ধের ক্ষেত্রে নকলের প্রবণতা বেড়ে গেছে। এই সুযোগে প্রকাশকরাও তরুণ লেখকদের ঠকিয়ে যাচ্ছেন।
কপিরাইটের সুফল পাওয়ার জন্য কপিরাইট আইনকে বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সেমিনার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কপিরাইট বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
ফরিদপুর জেলা প্রশাসক মইনউদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ানুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মো. শাহজাহান, কবি আনোয়ার করিম, আবু সুফিয়ান চৌধুরী, আসমা আক্তার মুক্তা, পান্না বালা, সালামত হোসেন খান প্রমুখ।
